সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে তিনি হাসপাতালে পৌঁছান। সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
হাসপাতাল প্রাঙ্গণে তাদের স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
মিয়া গোলাম পরওয়ার খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।