বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে ক্ষমতাসীনরা সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গতকাল থেকে উদ্বেগজনক খবর মিলছে। এত চাপ, হুমকি আর ষড়যন্ত্রের মধ্যেও খালেদা জিয়া কখনও দেশ ছেড়ে যাননি।
শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন রিজভী। সেখানে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
রিজভী বলেন, “মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছিল। টেলিভিশনে আমরা দেখেছি—তিনি হেঁটে কারাগারে ঢুকেছিলেন, কিন্তু বের হন হুইলচেয়ারে বসে।” তার অভিযোগ, খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা ‘পথের কাঁটা’ মনে করে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং এখন দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানুষ যেন নিরাপদে বাড়ি থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরতে পারে—এটি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৫ আসনের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য জাহেদুল করিম রনি।