ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির শেষ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা কোনো কাজে আসছে না। তিনি দৃঢ়ভাবে বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি, যেদিন ভোটের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। যাকে ভোট দেবেন, ভেবে-চিন্তে দেবেন—কারণ এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন মানুষকেই নির্বাচিত করতে হবে, যিনি সত্যিকার অর্থে এলাকা ও দেশের পরিবর্তন আনতে সক্ষম।
এ সময় নাহিদ ইসলাম অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন।