আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, “সমঝোতা বা জোটের বিষয়টি কেবল আদর্শিক অবস্থান থেকে হতে পারে। জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে, কোনো দল যদি সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে, তখন আমরা জোটে যাওয়ার বিষয়ে ভাববো।”
নাহিদ ইসলাম ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য আমাদের। তবে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু আসনে প্রার্থী দেব না—যেমনটা বেগম খালেদা জিয়ার আসনের ক্ষেত্রে প্রযোজ্য।”
তিনি গাজী সালাহউদ্দিনের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ছিলেন গাজী সালাহউদ্দিন। আহত অবস্থায় গত ২৬ অক্টোবর তিনি মারা যান। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। এমন হাজারো জুলাই যোদ্ধা এখনো আহত অবস্থায় কাতরাচ্ছে। আহতদের চিকিৎসার দায়িত্ব ছিল অন্তর্বর্তী সরকারের, কিন্তু তারা তা করতে পারেনি—ফলে শহীদের সংখ্যা বাড়ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আহত ও শহীদ পরিবারের সদস্যদের চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা করুন।”
নাহিদ আরও বলেন, “পরবর্তী সরকার যেই আসুক, তাদের এই আহতদের চিকিৎসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। আমরা গাজী সালাহউদ্দিনের পরিবারের পাশে আছি, তবে রাষ্ট্র যেন তাদের দায়িত্ব নেয়। মৃত্যুর কয়েকদিন আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে তিনি হেনস্তার শিকার হয়েছেন। এই রাজনৈতিক চাপ জুলাই যোদ্ধাদের ওপর বিভিন্ন জায়গায় চলছে।”
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি যোগ করেন, “আমরা দেখি যাদের টাকা আছে, যাদের গডফাদারগিরি আছে, তারা নির্বাচনে দাঁড়ায়। আমরা এই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা গ্রহণযোগ্য মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষক, ইমাম, সামাজিক নেতৃবৃন্দকে জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তুহিন খান প্রমুখ।