দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি নির্বাচনি প্রচারের অংশ হিসেবে রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা নেতৃবৃন্দের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ সফরের সিদ্ধান্ত জানান।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, আগামী বুধবার তারেক রহমান রাজশাহীতে এসে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই ঘোষণা আসার পরপরই রোববার সকাল থেকে মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।
তারেক রহমানের আগমনের খবর ছড়িয়ে পড়তেই রাজশাহী নগরীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সমাবেশ সফল করতে নগরীজুড়ে প্রচার-প্রচারণাও জোরদার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৩ সালে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান।
দলীয় নেতারা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকায় মিজানুর রহমান মিনুর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনের প্রার্থী ও নেতাদের সঙ্গে সভা করেন বিএনপি চেয়ারম্যান। সেখানেই তিনি ২৯ জানুয়ারির সফর চূড়ান্ত করে তিন জেলার নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
মিজানুর রহমান মিনু আরও জানান, ওই দিন দুপুর সোয়া ১২টার দিকে বিমানে রাজশাহীতে পৌঁছে সরাসরি মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সমাবেশ শেষে তিনি সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে এক জনসভায় বক্তব্য দেবেন। এরপর বগুড়ায় আরেকটি নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে সেখানেই রাত্রিযাপনের সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্র মতে, রাজশাহীর এই সমাবেশ স্মরণকালের অন্যতম বড় রাজনৈতিক জমায়েতে পরিণত হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি আসনের প্রার্থীসহ কয়েক লাখ নেতাকর্মীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। এ লক্ষ্যে রোববার সকাল থেকেই তিন জেলা ও রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন।