আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম রাখা হয়েছে ‘জনতার ইশতেহার’।
রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে বুধবার সন্ধ্যায় ইশতেহার প্রকাশের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা অংশ নেবেন।
তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এর আগে ‘জনতার ইশতেহার’ নামে অ্যাপভিত্তিক একটি প্রচারণা চালানো হয়, যেখানে জনগণের কাছ থেকে ৩৭ লাখের বেশি পরামর্শ সংগ্রহ করা হয়েছে। সেই মতামতগুলোর প্রতিফলনই থাকবে ঘোষণার অপেক্ষায় থাকা এই ইশতেহারে।