নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের দুই ছেলে—ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল, তার ছেলে শিপন ও রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০–১২ জন দা ও লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় ফুরা মিয়া ও শাকিল হামলা ঠেকাতে গেলে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে ফুরা মিয়া ও শাকিলসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুরা মিয়া ও শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মনিরা বেগম নামে এক নারী চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। ফুরা মিয়া ও শাকিল হাসপাতালে আনার আগেই মারা যান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”