চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধার হওয়া শিশুটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানান, আনুমানিক ৩০ ফুট গভীর নলকূপের গর্তে শিশুটি পড়ে গিয়েছিল। বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রের সাহায্যে মাটি কেটে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাতের দিকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
এর আগে বিকেলে শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইটের আলো ফেলে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গাছ ঢুকিয়ে শিশুটিকে ধরে রাখার পরামর্শ দিচ্ছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে উদ্ধারকাজের পূর্ণ দায়িত্ব নেন।
উল্লেখ্য, এর আগেও এমন দুর্ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে গিয়ে প্রাণ হারায় দুই বছরের শিশু সাজিদ। টানা ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।