গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে প্রচারণার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের সব শাখা ও উপশাখার সামনে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট বিষয়ে জনসচেতনতামূলক ব্যানার প্রদর্শন করতে হবে। এ জন্য প্রতিটি শাখায় অন্তত দুটি খাড়া ব্যানার প্রিন্ট করে দৃষ্টিনন্দন স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে দেওয়া নির্দেশনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

এর আগে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার আহ্বান জানান। তখন কিছু ব্যাংক লিখিত নির্দেশনা না থাকায় প্রচারণায় যেতে অনাগ্রহ প্রকাশ করে। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই এবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হলো।

গত সপ্তাহে রাজধানীর সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের একাধিক শাখায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণামূলক ব্যানার দেখা যায়। এসব ব্যানারে গণভোট ও ভবিষ্যৎ সংসদ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও বার্তা তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে মোট ১২টি বিষয়ে জনসচেতনতা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোটের বিধান চালু, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছরের বেশি ক্ষমতায় না থাকা, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চকক্ষ গঠন, বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা, মৌলিক অধিকার সম্প্রসারণসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা।

এলাকার খবর

সম্পর্কিত