নতুন বছরের শুরুতেই দেশে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা প্রায় ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জানুয়ারির একই সময়ে দেশে এসেছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ স্পষ্টভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে। নভেম্বর মাসে রেমিট্যান্স ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে পুরো ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।