আগামীর সংসদ হবে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কোরআনের সংসদ: অধ্যাপক মুজিবুর রহমান

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ৮ দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত আয়োজিত এ সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর সংসদ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত। অতীতে যারা চাঁদাবাজি করেছে তাদের আর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ সংসদ হবে কোরআনের নির্দেশনায় পরিচালিত সংসদ। সচিবালয়, সংসদ ও বিচারালয়সহ রাষ্ট্রের সব কাঠামো কোরআনের আলোকে চলবে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ৮ দলের জোট নতুন জাগরণ সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সরকার একই দিনে গণভোটের সিদ্ধান্ত ভুল পরামর্শে নিয়েছে। এবারের সংগ্রাম হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম। তিনি জানান, ৮ দলে আর আট দল নেই—অনেক দল তাদের সঙ্গে যোগদানের আগ্রহ প্রকাশ করছে। জনগণের প্রত্যাশা একটি নতুন বাংলাদেশ।

তিনি আরও বলেন, এখনো সময় আছে—গেজেট পরিবর্তন করে গণভোটকে নির্বাচনের আগে নেওয়া উচিত। না হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। তিনি দাবি করেন, ষড়যন্ত্র এখনো চলছে, তবে জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ফ্যাসিবাদবিরোধী নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দেবে।

সমাবেশের সভাপতি সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লব কোনো একক দলের নেতৃত্বে হয়নি, কিন্তু বর্তমান সরকার একটি দলের প্রভাবে চলছে। তিনি নিরপেক্ষ ভূমিকা পালন, গণভোটের আগাম আয়োজন, নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত করা, গণহত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। তিনি জানান, ৮ দলের ঐকমত্য—নির্বাচনে এক প্রার্থী দাঁড়াবে এবং সবাই তাকে ভোট দেবে।

 

এলাকার খবর

সম্পর্কিত