ইরানের বর্তমান ইসলামিক সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দুর্বল ও নড়বড়ে অবস্থায় রয়েছে—এমন তথ্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে—১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর এই প্রথম ইরানের সরকার ক্ষমতার ওপর সবচেয়ে দুর্বল নিয়ন্ত্রণে রয়েছে। অভ্যন্তরীণ চাপ, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট দেশটির বর্তমান শাসনব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
এমন পরিস্থিতিতে ট্রাম্পকে গোয়েন্দা তথ্য জানানো হয়, যখন তিনি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের পরিকল্পনা নিয়ে ভাবছেন। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প একাধিকবার দেশটির ওপর হামলার হুমকি দিয়ে আসছেন। মাঝপথে কিছুটা পিছু হটলেও সম্প্রতি আবারও আগের অবস্থানে ফিরে গেছেন তিনি।
গোয়েন্দা সূত্রগুলো আরও জানিয়েছে, ইরানের অর্থনীতি বর্তমানে ‘ঐতিহাসিকভাবে সবচেয়ে খারাপ সময়’ পার করছে। তীব্র অর্থনৈতিক সংকট সরকারের প্রতি জনসমর্থন কমিয়ে দিয়েছে, যা শাসনব্যবস্থাকে আরও দুর্বল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। রণতরীটির সঙ্গে রয়েছে আরও কয়েকটি যুদ্ধজাহাজ, যেগুলোতে টোমাহকসহ আধুনিক ক্ষেপণাস্ত্র সংযোজিত আছে। এতে করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।