ইরানে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, চুক্তির আহ্বান জানালেন তেহরানকে

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আগেরবারের চেয়েও বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যদি হামলা এড়াতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে এবং কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না।

ট্রাম্প তার পোস্টে স্মরণ করিয়ে দেন, গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছিল বলেও উল্লেখ করেন তিনি।

হুমকি আরও জোরালো করে ট্রাম্প লেখেন, একটি বিশাল যুদ্ধজাহাজ বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যা অত্যন্ত শক্তিশালী এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও এটি বড়, যেখানে রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ নেতৃত্ব দিয়েছিল। এই বহর যেকোনো সময় অভিযানে যেতে পারে এবং প্রয়োজনে দ্রুত ও ভয়াবহ হামলা চালাতে পিছপা হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি আশা করেন ইরান দ্রুত আলোচনার টেবিলে বসবে এবং একটি গ্রহণযোগ্য চুক্তিতে সম্মত হবে। তার ভাষায়, কোনো ধরনের পরমাণু অস্ত্রের অনুমতি দেওয়া হবে না এবং এই চুক্তি সবার জন্যই মঙ্গলজনক হবে। তিনি সতর্ক করে বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং হাতে খুব বেশি সুযোগ নেই।

ট্রাম্প জানান, আগেও তিনি ইরানকে সমাধানে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তেহরান সাড়া না দেওয়ায় গত জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালানো হয়, যাতে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। ভবিষ্যতে আবার হামলা হলে তা আরও ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এলাকার খবর

সম্পর্কিত