ইরানের দিকে আরও একটি নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র—এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় নৌবহর মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে ইউএসএস আব্রাহাম লিংকনসহ একাধিক মার্কিন যুদ্ধজাহাজ।
বুধবার (২৮ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, “এই মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি, তারা আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।” একইসঙ্গে তিনি ইরানকে আলোচনায় বসার আহ্বানও জানান।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, ভেনেজুয়েলার কাছে অবস্থান করা নৌবহরের চেয়েও বড় একটি নৌবহর বর্তমানে ইরানের আশপাশে রয়েছে। এবার তিনি জানালেন, দেশটির দিকে আরও একটি নৌবহর পাঠানো হচ্ছে।
জানা গেছে, ইরানের দিকে আসার আগে যুক্তরাষ্ট্রের রণতরী ও যুদ্ধজাহাজগুলো কয়েক মাস ভেনেজুয়েলার কাছে মোতায়েন ছিল। পরে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর ইউএসএস আব্রাহাম লিংকনসহ নৌবহরটি মধ্যপ্রাচ্যের পথে রওনা দেয়।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। এক্সিওসকে তিনি বলেন, “তারা চুক্তি করতে চায়। তারা একাধিকবার যোগাযোগ করেছে এবং আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে।”
তবে দ্বিতীয় যে নৌবহরটি ইরানের দিকে পাঠানো হচ্ছে, সেটি কোনটি—এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।