যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন—যুদ্ধ প্রতিরোধে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। তিনি বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বজায় থাকলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা সম্ভব।
ফোনালাপে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রসঙ্গে মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে উঠবে। তিনি ক্রাউন প্রিন্সকে বলেন, মার্কিনিদের হুমকি ও মানসিক চাপ সৃষ্টির কৌশল মূলত এই অঞ্চলের শান্তি বিনষ্টের উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে, যা থেকে অস্থিরতা ছাড়া আর কোনো ইতিবাচক ফল আসবে না।
অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করে জানান, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে সৌদি আরবের ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।