আফগান নাগরিকদের ভিসা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

আফগানিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে— কোনো আফগান নাগরিককে নতুন ভিসা দেওয়া যাবে না এবং যেসব ভিসা আবেদন প্রক্রিয়াধীন আছে, তা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে।

এতে জানানো হয়, অভিবাসী, অ-অভিবাসী এবং বিশেষ অভিবাসন ভিসা—সব ধরনের ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও শনিবার এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেছেন, “আফগান পাসপোর্টধারী সবার জন্য ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার, এবং এতে কোনো আপোস হবে না।”

এর আগে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। এতে দুই গার্ড সদস্য গুরুতর আহত হন, এবং তাদের একজন পরে মারা যান। তদন্তে জানা যায়, লাকনওয়াল অতীতে আফগানিস্তানে মার্কিন বাহিনীর সহযোগী হিসেবে সিআইএ-এর হয়ে কাজ করতেন এবং ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর বাইডেন প্রশাসনের অনুমতিতে যুক্তরাষ্ট্রে যান।

বুধবারের হামলার পরই যুক্তরাষ্ট্র জানায়— নাগরিকত্ব ও স্থায়ী আবাসনের জন্য থাকা সব আফগান আবেদনও বাতিল করা হয়েছে। শনিবার বিশ্বব্যাপী দূতাবাসে পাঠানো নির্দেশনার মাধ্যমে এই নীতিকে আরও কঠোরভাবে কার্যকর করা হলো।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফিরলে বিপদের মুখে পড়েছিল মার্কিন বাহিনীকে সহযোগিতাকারী আফগানরা। সেই সময় বাইডেন প্রশাসন প্রায় দুই লাখ আফগানকে বিশেষ ভিসায় যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণার পর তাদের ভিসাও বাতিল হয়ে গেছে।

মার্কিন অলাভজনক সংস্থা ‘আফগান ইভ্যাক’-এর প্রেসিডেন্ট শন ভ্যানডিভার বলেন, “অনেক দিন ধরেই ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল— এতে কোনো সন্দেহ নেই।”
 

এলাকার খবর

সম্পর্কিত