বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে খেলায় দর্শকদের বিক্ষোভের ঘটনায় জরিমানার মুখে পড়েছে ইতালি ও নরওয়ে। গাজায় ইসরায়েলের আগ্রাসন ও হামলার প্রতিবাদে দুই দেশের দর্শকরা ম্যাচ চলাকালীন সময়ে প্রতিবাদ জানালে ফিফা সেটিকে "আচরণবিধি লঙ্ঘন" হিসেবে গণ্য করে শাস্তি দেয়।
অক্টোবরের বাছাইপর্বে ইসরায়েল দুটি ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল—১১ অক্টোবর নরওয়ের বিপক্ষে ৫–০ ও ১৫ অক্টোবর ইতালির কাছে ৩–০ তে। তবে মাঠের বাইরেও সেই ম্যাচগুলো ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দর্শকরা ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালীন শিস দেন, ব্যানার তুলে ধরেন এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন।
ফিফা জানিয়েছে, এই ঘটনার দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে ১২,৫০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ১৫,৫০০ ডলার) ও নরওয়েকে ১০,০০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ১২,৪০০ ডলার) জরিমানা করা হয়েছে। তবে মাঠে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন বা স্লোগান দেয়ার ঘটনায় কোনো শাস্তি আরোপ করা হয়নি।
ইতালির ম্যাচের আগে বিক্ষোভকারীরা মাঠের বিপরীতে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে ব্যানার হাতে দাঁড়ান, যেখানে লেখা ছিল: “চলুন প্রতিরোধ গড়ে তুলে জায়োনিজমকে থামাই।” অনেকেই প্রশ্ন তোলেন—“একটি অপরাধী রাষ্ট্রকে এখনও খেলার অনুমতি দেওয়া হচ্ছে কেন?”
উল্লেখ্য, গাজায় চলমান আগ্রাসনের কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জোরালো হচ্ছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে গণভোট আয়োজনের কথা বিবেচনা করছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।