ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় দায়িত্বশীল কর্মকর্তারা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, রাতের দিকে ‘বার্চ বাই রোমিও লেন’ নামে ক্লাবটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের পাশাপাশি কয়েকজন পর্যটকও প্রাণ হারান। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় দমকল কর্মীরা।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আজ গোয়ার জন্য অত্যন্ত দুঃখের দিন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি হয়েছে।” তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের তিনি জানান, তিনজন আগুনে দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও রয়েছেন।

পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এএনআইয়ের তথ্যমতে, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং গোয়া পুলিশের মহাপরিচালক অলোক কুমার জানান—সব মৃতদেহ উদ্ধার সম্পন্ন হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত