ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কট্টরপন্থী সাম্প্রদায়িক চাপের কারণে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনার পর বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ সামাজিক মাধ্যম এক্সে মন্তব্য করেছেন, বিসিসিআই-এর নির্দেশে মুস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ায় অবাক হয়েছেন তিনি। রশিদ বলেন, “ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিতে পারে, কিন্তু মুস্তাফিজুরকে খেলতে দিতে পারছে না।”
মুস্তাফিজুরের বাদ দেওয়ার ফলে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রশিদ লতিফ উল্লেখ করেছেন, নিরাপত্তার কারণে বাংলাদেশ দলকে ভারতের মাটিতে পাঠানো সম্ভব নাও হতে পারে। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বিভিন্ন ভেন্যুতে খেলার কথা ছিল।
এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ রবিবার আইসিসিকে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, নিরাপত্তার শঙ্কায় ভারতে দল পাঠানো সম্ভব নয়। বিষয়টি নিয়ে বিসিবি সতর্ক অবস্থান নিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।