ভারত ও চীন ভালো প্রতিবেশী ও অংশীদার, সম্পর্কে নতুন বার্তা শি জিনপিংয়ের

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীন ও ভারতকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বৈশ্বিক শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে দুই এশীয় পরাশক্তির সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতার মধ্যেই শি জিনপিংয়ের এই সৌহার্দ্যপূর্ণ বার্তা এসেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত এক বছরে চীন-ভারত সম্পর্কের উন্নতি ও অগ্রগতি অব্যাহত রয়েছে, যা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শি জিনপিংয়ের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর দীর্ঘ চার বছরের উত্তেজনা ও অর্থনৈতিক বিধিনিষেধের অধ্যায় পেরিয়ে দুই দেশ ধীরে ধীরে সম্পর্ক পুনর্গঠনের পথে এগোচ্ছে। ওই সংঘর্ষে ভারতীয় ২০ জন ও চীনের চারজন সেনা নিহত হয়েছিলেন। সংঘর্ষের পর ভারত চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধসহ চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ করে।

তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও ভারত ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য অব্যাহত রয়েছে এবং বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেন, যা দুই দেশের ঘনিষ্ঠতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হয়।

শুভেচ্ছা বার্তায় শি জিনপিং চীন ও ভারতকে ‘একসঙ্গে নাচতে থাকা ড্রাগন ও হাতি’র সঙ্গে তুলনা করে বলেন, দুই দেশ পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বাড়ালে এবং একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধান করলে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা সম্ভব। যদিও সীমান্তসংক্রান্ত জটিল বিষয়গুলো এখনো পুরোপুরি সমাধান হয়নি, তবুও সম্পর্ক জোরদারে উভয় দেশ বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত