ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি।
মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বড় জনসমাগম এড়িয়ে চলা, স্থানীয় গণমাধ্যমে হালনাগাদ খবর পর্যবেক্ষণ এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।
মার্কিন দূতাবাসের সতর্ক নির্দেশনা:
♦ লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলুন।
♦ জনাকীর্ণ স্থান থেকে দূরে থাকুন।
♦ স্থানীয় সংবাদমাধ্যমের খবর নজরে রাখুন।
♦ পর্যটনকেন্দ্রসহ ব্যস্ত এলাকায় সতর্ক থাকুন।
বিস্ফোরণে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র জানায়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক্স-এ (সাবেক টুইটার) লেখে, “নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়, তবে ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। প্রয়োজন হলে কনস্যুলার সহায়তা দেওয়া হবে বলেও তারা জানিয়েছে।
অন্যদিকে, যুক্তরাজ্য সরকারও তাদের নাগরিকদের জন্য ভারতের কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। সীমান্ত এলাকায় সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা উল্লেখ করে এই নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া জম্মু ও কাশ্মিরের কিছু অঞ্চল— যেমন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ও জম্মু-শ্রীনগর মহাসড়ক— ভ্রমণ থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। শুধুমাত্র বিমানে করে জম্মু শহরে আসা-যাওয়া করা যাবে।
মণিপুর রাজ্যে চলমান জাতিগত সহিংসতা ও কারফিউয়ের কারণেও সে অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলের প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি আত্মঘাতী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত এখনো চলছে।