ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স ওই অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে।
ট্রাম্প জানান, মূলত চার দিন আগেই এই অভিযান পরিচালনার পরিকল্পনা ছিল। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় অভিযানটি পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত দিনে অভিযানটি সফলভাবে সম্পন্ন করা হয়।
ফক্স নিউজকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি পুরো অভিযানটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন। অভিযানে অংশ নেওয়া ভেনেজুয়েলার সেনাদের সঙ্গে ফ্লোরিডায় থাকা কমান্ড সেন্টারের যোগাযোগও তিনি শুনেছেন বলে জানান।
তিনি আরও বলেন, মার্কিন সেনাদের পেশাদারিত্ব ও নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত সরঞ্জামের মান ও কার্যকারিতা দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলে মন্তব্য করেন।
কোনো সেনা নিহত হয়নি উল্লেখ করে ট্রাম্প বলেন, কয়েকজন সেনা আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এটিকে তিনি একটি অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় সৃষ্ট বিশৃঙ্খলার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, সে সময় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছিল। তবে এখন যুক্তরাষ্ট্র আর সেই অবস্থায় নেই বলেও মন্তব্য করেন তিনি।