যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফের লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে পরিচালিত সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ২০২৪ সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেই এই হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে চালানো হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
আরেক হামলায় নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলের হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে একটি গাড়িতে আঘাত হানলে সেখানে আরও একজন নিহত হন বলে জানিয়েছে এনএনএ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি ড্রোনগুলো টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইলের আকাশে নিচু দিয়ে উড্ডয়ন ও টহল চালাচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এখনো এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল সীমান্ত পেরিয়ে লেবাননের অভ্যন্তরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষে রূপ নেয়। এখন পর্যন্ত এ আগ্রাসনে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।
এই সাম্প্রতিক হামলার পর যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, আর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।