শত বছর পর সমুদ্র সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের বোতলবন্দি চিঠি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

অস্ট্রেলিয়ার এক নির্জন সমুদ্র সৈকতে শত বছর পর ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া দুই সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। ১৯১৬ সালে লেখা এই চিঠিগুলোতে ছিল যুদ্ধযাত্রার আনন্দ আর তারুণ্যের উত্তেজনা— তবে লেখকদের একজন আর ফিরতে পারেননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯১৬ সালে ফ্রান্সগামী জাহাজে থাকা অবস্থায় দুই অস্ট্রেলিয়ান সৈন্য তাদের পরিবারের উদ্দেশে চিঠি লিখে বোতলে ভরে সমুদ্রে ফেলেছিলেন।

চিঠির এক লেখক ২৮ বছর বয়সী প্রাইভেট ম্যালকম নেভিল, যিনি মাকে লিখেছিলেন— জাহাজের খাবার “দারুণ ভালো” এবং তারা “ভীষণ খুশি।” কিন্তু কয়েক মাস পরই তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হন। অন্য সৈন্য ৩৭ বছর বয়সী প্রাইভেট উইলিয়াম হার্লি, যিনি সৌভাগ্যক্রমে জীবিত ফিরে আসেন।

সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ার হোয়াইটন সৈকতে বোতলটি খুঁজে পান স্থানীয় নারী ডেব ব্রাউন ও তার পরিবার। তারা নিয়মিত সৈকত পরিষ্কার করার সময় বালুর নিচে কাচের বোতলটি খুঁজে পান।

ব্রাউন জানান, “আমরা ভেবেছিলাম এটা সাধারণ বোতল, কিন্তু ভেতরে ভাঁজ করা কাগজ দেখে বুঝতে পারলাম এটা কিছু বিশেষ।”

চিঠির কাগজ ভেজা থাকলেও লেখা পড়া যাচ্ছিল। ফলে নেভিলের মায়ের ঠিকানার সূত্র ধরে তার আত্মীয় হার্বি নেভিলকে খুঁজে পাওয়া যায়। তিনি বলেন, “এটা আমাদের পরিবারের জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমার খালা শৈশবে চাচাকে যুদ্ধে যেতে দেখেছিলেন, কিন্তু ফেরত আসেননি।”

হার্লির চিঠিটি ছিল “যে এই বোতলটি পাবে, তার উদ্দেশে।” তার নাতনি অ্যান টার্নার বলেন, “এটা যেন দাদু সমাধি থেকে আমাদের সঙ্গে কথা বলছেন।”

বিশেষজ্ঞদের ধারণা, বোতলটি প্রথমে কয়েক সপ্তাহ পানিতে ভেসেছিল, পরে বালুর নিচে চাপা পড়ে শত বছর টিকে ছিল। এটি এখন অস্ট্রেলিয়ার ইতিহাসের এক অনন্য নিদর্শন হিসেবে সংরক্ষণের উদ্যোগ চলছে।

 

এলাকার খবর

সম্পর্কিত