ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় নিজের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা-সমালোচনা তুঙ্গে উঠেছে।
এবার এ প্রসঙ্গে মতামত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ৩৬০ শো’-তে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়া ক্রিকেটের জন্য নিঃসন্দেহে হতাশাজনক। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, এ বিষয়ে তিনি বাংলাদেশ কিংবা আইসিসি—কোনো পক্ষেই অবস্থান নিচ্ছেন না।
ডি ভিলিয়ার্স বলেন, বিষয়টি রাজনৈতিক ও ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে জড়িত, যেখানে তার কাছে পর্যাপ্ত তথ্য নেই। তাই তিনি এ নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে চান না। তবে তার মতে, কোনো দল যদি বড় কোনো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, সেটি দুঃখজনক এবং এর পেছনে অবশ্যই শক্ত ও যৌক্তিক কারণ থাকা উচিত।
তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত ক্রিকেটের জন্য ভালো নয়। যারা ক্রিকেট পরিচালনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে আছেন, তাদের উচিত এ ধরনের সংকটের সমাধান খুঁজে বের করা। ক্রিকেটে রাজনীতির প্রভাব পড়ে এমন পরিস্থিতি তৈরি হওয়াকে তিনি অপছন্দ করেন বলেও মন্তব্য করেন এবি ডি ভিলিয়ার্স।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।