সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলংকায় গিয়ে টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহ প্রকাশ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভেন্যু পরিবর্তনের সেই আবেদন গ্রহণ করেনি।
ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ দল অনড় থাকায় শেষ পর্যন্ত টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। এর ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ দল।
এদিকে, বিশ্বকাপ কাভার করতে ভারত ও শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসির অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদনও বাতিল করেছে আইসিসি। সোমবার সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সাংবাদিকরা। ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী বলেন, বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের সাংবাদিকদেরও যেন আইসিসি বয়কট করেছে। তিনি জানান, অতীতে বাংলাদেশ দল বিশ্বকাপ না খেললেও দেশটির সাংবাদিকরা টুর্নামেন্ট কাভার করার সুযোগ পেয়েছেন। বর্তমান পরিস্থিতি আইসিসির অসন্তোষেরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন না দেওয়া অন্যায়। অন্তত শ্রীলংকায় অনুষ্ঠিত ম্যাচগুলো কাভার করার অনুমতি দেওয়া উচিত ছিল বলে মত দেন তিনি।