বাংলাদেশ টেবিল টেনিসের জাতীয় নারী চ্যাম্পিয়ন খৈ খৈ মারমাকে ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। রাঙমাটি জেলার রাজস্থলী উপজেলার প্রত্যন্ত এক গ্রামে জীর্ণশীর্ণ ঘরে বসবাস করেন এই কৃতি ক্রীড়াবিদ। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘খৈ খৈ মারমা রাঙামাটির গর্বিত সন্তান। জেলা প্রশাসনের নিজ উদ্যোগে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। কোনো মন্ত্রণালয় বা সংস্থার নির্দেশনায় নয়, স্বেচ্ছায় আমরা একজন কৃতি ক্রীড়াবিদের পাশে দাঁড়াচ্ছি।’ তিনি জানান, খৈ খৈয়ের নিজ উপজেলায় জায়গা থাকলেও সেখানে আত্মীয়স্বজন ও বসবাস কম হওয়ায় বর্তমানে যে গ্রামে তিনি থাকছেন, সেখানেই স্থায়ী ঘর নির্মাণ করা হবে।
পাহাড়ি এলাকায় নির্মাণ সামগ্রী পরিবহন কঠিন হলেও দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। তিনি বলেন, পাহাড়ি এলাকার মাটির গঠন বিবেচনায় প্রকৌশলীরা নকশা করবেন এবং তা বাস্তবায়ন করা হবে।
জেলা প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বসিত খৈ খৈ মারমা বলেন, ‘আমার পরিবারের জন্য এটি অনেক বড় উপকার হবে। জেলা প্রশাসক ও ইউএনও স্যার আমাদের বাড়িতে জায়গা দেখে গেছেন। আমাদের সম্মতিতেই বর্তমান ভিটাতেই ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য, মাত্র দুই মাস আগে খৈ খৈ মারমা ও জাভেদ আহমেদ ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র বিভাগে রৌপ্যপদক জিতেছেন, যা দেশের জন্য গৌরবের।
এদিকে, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী কমিটিতে রদবদল এসেছে। সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর সুমনের স্থলে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে নতুন সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় এক বছর ধরে চলা অ্যাডহক কমিটিতে এই পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ।