অস্ট্রেলিয়ায় আবারও ফিরল ফিল হিউজের মৃত্যুর স্মৃতি! ঘাড়ে বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন ১৭ বছর বয়সী এক ক্রিকেটার। বর্তমানে তিনি হাসপাতালে ভেন্টিলেশনে আছেন, অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে মেলবোর্নে ফার্নট্রি গালি প্রতিযোগিতায়। ওয়ালি টিউ রিজার্ভ মাঠে খেলার সময় একটি বাউন্সার সরাসরি ব্যাটারের ঘাড়ে লাগে। আঘাতের পরই তিনি মাঠে লুটিয়ে পড়েন।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, আহত খেলোয়াড় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে দ্রুত মোনাশ মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।
সেভেন নিউজ মেলবোর্ন জানায়, বর্তমানে ওই তরুণ ক্রিকেটারকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা অত্যন্ত সংকটজনক।
ক্রিকেট ভিক্টোরিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আহত ক্রিকেটারের চিকিৎসার পুরো দায়িত্ব তারা নিয়েছে। একই সঙ্গে ঘরোয়া লিগে খেলোয়াড়দের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে বোর্ড।
২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বল ঘাড়ে লেগে ফিল হিউজের মৃত্যু হয়। সেই ঘটনার পর ব্যাটারদের হেলমেটে বেশ কিছু নিরাপত্তা পরিবর্তন আনা হয়েছিল। এবারকার দুর্ঘটনা আবারও সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে ক্রিকেটবিশ্বে।