জ্যোতির বিরুদ্ধে জাহানারার অভিযোগ, কী বলছে বিসিবি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ এবং জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন।

জাহানারার এই বক্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নজরে এনেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহানারার অভিযোগগুলো “সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং অসত্য।”

বিসিবি বিজ্ঞপ্তিতে আরও বলেছে, ‘সাবেক জাতীয় নারী দলের এক সদস্য সম্প্রতি গণমাধ্যমে কিছু মন্তব্য করেছেন, যেখানে তিনি বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এসব অভিযোগকে বিসিবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে, কারণ এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

বোর্ডের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ নারী দল যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করছে, তখন এমন বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য অত্যন্ত দুঃখজনক। বিসিবি মনে করে, এ ধরনের বক্তব্য দলের মনোবল নষ্ট করার উদ্দেশ্য বহন করে এবং তাদের ঐক্যে আঘাত করতে পারে।’

বিসিবি আরও জানায়, ‘যিনি এই মন্তব্য করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো কর্মকাণ্ড বা পরিকল্পনার সঙ্গে যুক্ত নন। তবুও তিনি প্রাসঙ্গিকতা ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন।’

সবশেষে বোর্ড স্পষ্ট করেছে, ‘বিসিবি নারী দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা রাখে। তদন্তে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিসিবি দলের সদস্যদের পাশে থাকবে এবং সর্বাত্মক সহায়তা দেবে।’

 

এলাকার খবর

সম্পর্কিত