আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আবেদনের সময়সীমা আজ (মঙ্গলবার) শেষ হচ্ছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে টুর্নামেন্ট শুরুর কথা রয়েছে। গতকাল (সোমবার) পর্যন্ত মাত্র দুটি দল 'ঢাকা ক্যাপিটালস' ও 'কুমিল্লা ফাইটার্স' নামে আবেদন করেছে। পে-অর্ডার সংক্রান্ত জটিলতায় রাজশাহীর আবেদন প্রথমে গৃহীত না হলেও, শেষদিনে তারা প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় আবেদন করতে পারে। আজই সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রামের পক্ষ থেকে আবেদন জমা পড়ার কথা রয়েছে। জানা গেছে, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স তাদের পুরনো মালিকানাতেই ফিরছে। গত আসরের আলোচিত দল চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীও আজ আবেদন করবেন, তবে চট্টগ্রাম থেকে আরেকটি বড় গ্রুপও দল পেতে আগ্রহী। বরিশাল থেকে এখনো কেউ আগ্রহ দেখায়নি। আজ সন্ধ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে দলগুলোর মালিকানা চূড়ান্ত হতে পারে। সব ঠিক থাকলে ৬ দলের এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।