ফুটবলের দেশ ব্রাজিলে এখন দেখা দিয়েছে এক অভিনব সংকট— নামের সংকট! কারণ, দেশজুড়ে হাজারো মানুষ নিজেদের সন্তানদের নাম রেখেছেন ফুটবল তারকা নেইমারের নামে।
সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো প্রকাশ করেছে এক বিস্ময়কর পরিসংখ্যান। তাদের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ২,৪৪৩ জনের নাম ‘নেইমার’, যার মধ্যে ৫০ জন আবার নারী! অর্থাৎ, অলিতে গলিতে এখন নেইমার নামের ছড়াছড়ি।
দেশের ২৭টি রাজ্যেই নেইমার নামধারী মানুষ আছেন। সবচেয়ে বেশি ৩৭২ জন মিনাস গেরাইসে, এরপর ৩৪০ জন সাও পাওলোতে, ২৩৯ জন আমাজোনাসে, এবং ২৩২ জন বাহিয়ায়।
২০০৯ সালে নেইমারের সান্তোস ক্লাবে অভিষেকের সময় ব্রাজিলে তার নামে মানুষের সংখ্যা ছিল একশরও কম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেইমার হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের আইকন— আর তার জনপ্রিয়তার সঙ্গে বেড়ে যায় এই নামের ব্যবহারও।
তবে আশ্চর্যের বিষয় হলো, ব্রাজিলে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের নাম কিন্তু নেইমার নয়। তাকে হারিয়ে দিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে।
ব্রাজিলের আইবিজিই (IBGE)–এর তথ্য অনুযায়ী, দেশটিতে এখন ২৫,৯৪২ জনের নাম রিকেলমে। নব্বইয়ের দশকে যেখানে রিকেলমে নামের মানুষ ছিলেন মাত্র ২২৮ জন, সেখানে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২,২২০!
ফুটবল ব্রাজিলের সংস্কৃতি ও আবেগের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে, তারা তাদের প্রিয় ফুটবলারদের নামেই সন্তানদের নাম রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে এখন প্রশ্ন উঠেছে— দেশটি কি ফুটবল ভালোবাসার কারণে নয়, বরং নামের সংকটে ভুগছে?