মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে স্বাগতিক ভারতকে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন জেমাইমা রদ্রিগেজ। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৩৩৮ রান ভারত টপকে যায় নয় বল ও পাঁচ উইকেট হাতে রেখে — যা মেয়েদের বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
ম্যাচ শেষে চোখ ভেজানো সেই আনন্দময় মুহূর্তে জেমাইমা বলেন, “সব কিছুই ঈশ্বরের লেখা চিত্রনাট্য।”
এই ঐতিহাসিক ইনিংসের পর বাংলাদেশ নারী দলের তারকা পেসার মারুফা আক্তার সামাজিক মাধ্যমে জেমাইমাকে অভিনন্দন জানান। জবাবে জেমাইমা লিখেছেন,
“অনেক ধন্যবাদ মারুফা। তুমি নিজেই বড় এক অনুপ্রেরণা। তুমি যা করেছ, তা বাংলাদেশের ও পুরো বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।”
এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ দল সপ্তম হলেও, ২০ বছর বয়সি মারুফার আগুনে বোলিং নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটে। তাঁর সংগ্রামী জীবনের গল্প এখন অনেকেরই জানা।
মারুফা ইনস্টাগ্রামে লিখেছিলেন,
“জেমি দিদি, আপনি অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আশা করি, আপনি আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ফাইনালের জন্য রইল শুভকামনা।”
ক্রিকেটপ্রেমীরা বলছেন, মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও জেমাইমা ও মারুফার পারস্পরিক শ্রদ্ধা ও অনুপ্রেরণা নারী ক্রিকেটের জন্য এক সুন্দর উদাহরণ হয়ে থাকবে।
সব ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল, যেখানে এই দুই তারকার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।