ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। সাম্প্রতিক সময়ে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সেই দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন। শুরুতে আইসিসিকে একাধিক বিষয়ে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি দাবিই জানানো হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো ম্যাচেই দল পাঠানো সম্ভব নয়। এজন্য ভেন্যু পরিবর্তনের আবেদন করে আইসিসিকে ই-মেইল পাঠানো হয়েছে। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছিল। সেই উদাহরণ টেনেই বাংলাদেশও তাদের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি জানিয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বকাপ।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে। নির্ধারিত সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে। একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচ এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার কথা ছিল।

এদিকে আইসিসিতে আগেই বিশ্বকাপের স্কোয়াড জমা দিয়েছিল বিসিবি, যা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রত্যাশিতভাবেই দলটির অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, আর সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন সাইফ হাসান। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা ধরে রাখতে পারেননি। ভালো ফর্মে থাকলেও দলে সুযোগ হয়নি নাজমুল হোসেন শান্তর।

বিপিএলে দারুণ পারফরম্যান্স করা রিপন মন্ডল ও আলিস ইসলামের দিকেও নজর রাখছেন নির্বাচকরা। বিসিবি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা যাবে। এরপর কোনো পরিবর্তন করতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে।

এলাকার খবর

সম্পর্কিত