বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ নভেম্বর) বিকেলে হৃদপিণ্ডে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন।
পরীক্ষা-নিরীক্ষার পর ফারুক আহমেদের হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে রিং পরানো হয়। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, বিকেলেই সফলভাবে তার হার্টে রিং বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং শারীরিকভাবে অনেকটাই স্থিতিশীল রয়েছেন।
উল্লেখ্য, ফারুক আহমেদ চলতি বছরের ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট থেকে ৯ মাসের জন্য বিসিবির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। দেশের ক্রিকেটে প্রশাসনিক ও কৌশলগত দিক থেকে তার ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়ে আসছে।