একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে, অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় বাতিল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা নিজেরা অতিরিক্ত সিম বাতিল না করলে, কমিশন নিজ উদ্যোগে দৈবচয়নভিত্তিকভাবে (randomly) সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।
বিটিআরসি জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো —
🔸 অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা
🔸 নকল ও অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা
🔸 ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করা
গ্রাহকরা চাইলে নিজেদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন খুব সহজেই।
👉 মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই জানা যাবে সঠিক তথ্য।
বিটিআরসি আরও জানিয়েছে, গ্রাহকরা নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন।
বর্তমানে দেশে ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজারেরও বেশি সিম নিবন্ধিত আছে বলে জানিয়েছে সংস্থাটি।