হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে। হজযাত্রীদের জন্য শতভাগ বাড়িভাড়া চুক্তি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব হজ এজেন্সিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, আসন্ন হজে বাংলাদেশের হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়িভাড়া চুক্তির বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে উভয় স্থানে উল্লেখযোগ্যসংখ্যক হজযাত্রীর জন্য বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে। বাকি হজযাত্রীদের ক্ষেত্রেও নির্ধারিত ডেডলাইনের মধ্যেই চুক্তি শেষ করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দেওয়া হয়েছে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে রোডম্যাপ অনুযায়ী বাড়িভাড়া চুক্তি সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের সার্বিক হজ কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ধর্ম উপদেষ্টা এ বছর বাংলাদেশের হজযাত্রীর কোটা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

এই বৈঠকে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম এবং যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত