নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দোসর বলে কেউ নেই। সংশ্লিষ্ট সবাই দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা এবং তারা নির্বাচন পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক বেশি শক্তিশালী। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে, প্রয়োজনে ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে এবং প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, আজকের সভার মূল লক্ষ্য ছিল কোথাও কোনো ঘাটতি আছে কি না তা খতিয়ে দেখা এবং প্রয়োজন হলে সমন্বয় করা। কিন্তু সরেজমিনে এসে দেখা গেছে, সিলেটে নির্বাচন প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়েও অনেক ভালো।
একইদিন দুপুরে সিলেট নগরীর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন নবীসহ সিলেট মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সভায় অংশ নেন।