দল নয়, যোগ্য মানুষ দেখে ভোট দিন: ভোলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে দল নয়, মানুষকে গুরুত্ব দিতে হবে। যে ব্যক্তিকে নেতা হওয়ার যোগ্য মনে হবে, তিনি যে দলেরই হোন না কেন—তাকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অন্ধ রাজনীতিতে বিশ্বাস না করার কথা জানিয়ে তিনি বলেন, সমাজে গুন্ডা-পান্ডা ও মাস্তাননির্ভর রাজনীতি আর দেখতে চান না।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এক অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, দেশের রাজনীতি আজ কলঙ্কিত হয়ে পড়েছে এবং এর প্রভাব পড়ছে রাষ্ট্র ও সমাজের ওপর। তাই ভোট দেওয়ার সময় বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, দেশপ্রেমিক, সুনাগরিক ও শিক্ষিত মানুষদেরই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, পাকিস্তান আমলে শিক্ষার পরিবেশ তুলনামূলক ভালো ছিল, কিন্তু স্বাধীনতার পর অশিক্ষিত ও অদক্ষ নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় গিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষাঙ্গনে রাজনীতির অনুপ্রবেশের কারণে বর্তমানে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক চর্চা খুব কম দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের শাসনামলকে ‘দুঃস্বপ্নের সময়’ উল্লেখ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন অভিযোগ করেন, দলটি ভারতের স্বার্থ রক্ষায় কাজ করেছে। তিনি দাবি করেন, বর্তমানে ভারতের মাটিতে বসে বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চলছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেদিন ভোটের মাধ্যমে সৎ ও অভিজ্ঞ নেতৃত্ব বেছে নেওয়ার দায়িত্ব জনগণের।

সভায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত