ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।
চিঠিতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৭(ক) তুলে ধরা হয়। সেখানে স্পষ্টভাবে বলা আছে, নির্বাচনি প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত বিধানের মধ্যে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
এই প্রেক্ষাপটে, নির্বাচনি প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেন পোস্টার ব্যবহার না করেন এবং আচরণবিধিমালার সব বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়, সে বিষয়ে নজরদারি জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্যও রিটার্নিং অফিসারদের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি আশা করছে, এসব নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনি প্রচারণা আরও শৃঙ্খলাপূর্ণ ও বিধিমালার আলোকে পরিচালিত হবে।