আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৫ ফেব্রুয়ারি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায়ের দিন ধার্য করেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ একাধিক প্রসিকিউটর। অপরদিকে চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এই মামলায় বর্তমানে আটজন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

আসামিদের মধ্যে শেখ আবজালুল হক রাজসাক্ষী হয়ে শহীদদের পরিবার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দিয়েছেন। অপরদিকে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মামলার আরও আট আসামি এখনো পলাতক রয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় আন্দোলন চলাকালে ছয়জনকে গুলি করে হত্যার পর তাদের লাশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, ঘটনাস্থলে একজন তখনো জীবিত থাকলেও তাকেও হত্যা করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত