দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান মোহাম্মদ এজাজের বিদেশ গমন ঠেকাতে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন একাধিক গুরুত্বপূর্ণ খাতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব খাতের মধ্যে রয়েছে মিরপুর-গাবতলী পশুর হাটের ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা এবং ফুটপাতের দোকান বরাদ্দসহ আরও বিভিন্ন কার্যক্রম।
আবেদনে আরও জানানো হয়, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য দুদক একাধিকবার নোটিস পাঠিয়ে মোহাম্মদ এজাজকে তলব করলেও তিনি নির্ধারিত সময়ে হাজির হননি। দুদকের মতে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন, যা অনুসন্ধান কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।
সব দিক বিবেচনায় নিয়ে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।