অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা জামিল গ্রেফতার

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা জামিল মালিথা (৪০)-কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি কুখ্যাত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬ হাজার টাকা

বিজিবি সূত্রে জানা গেছে, জামিল দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ভারত থেকে অবৈধভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র, বিশেষ করে অটোমেটিক পিস্তল পাচারের সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

জামিলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু বলেন, “তিনি ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন।”

বিজিবি’র সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, গ্রেফতার জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, “জামিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিজিবি রাতেই তাকে থানায় হস্তান্তর করেছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”

এলাকার খবর

সম্পর্কিত