আচরণবিধি ভাঙায় ১৪৪ অভিযোগ নিষ্পত্তি, ৯ লাখ টাকার বেশি জরিমানা আদায়—ইসি

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, গত ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ১৪৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৯৪টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনি মাঠের পরিবেশ বেশ ভালো এবং শান্তিপূর্ণ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে—এমন আশাবাদ ব্যক্ত করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রার্থীদের বিভিন্ন অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আসছে এবং সেগুলোর ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এনসিপি ও জামায়াতের অভিযোগের বিষয়ে তিনি জানান, এসব অভিযোগ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন কোনো অভিযোগই অবহেলা করছে না বলেও তিনি উল্লেখ করেন।

ভোটারদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, সবাই যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা—সব ক্ষেত্রেই নির্বাচন কমিশন সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

এ সময় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য নেই বলেও স্পষ্ট করে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এলাকার খবর

সম্পর্কিত