আজ থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

দীর্ঘ ৯ মাস পর আবারও খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আজ (বুধবার) থেকে পর্যটকেরা সেখানে ভ্রমণ করতে পারবেন—তবে কঠোরভাবে মানতে হবে সরকারের দেওয়া ১২টি নির্দেশনা। এসব নিয়ম মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশের অনুমতি পাবেন, যা কার্যকর থাকবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, “সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নিরাপত্তার কারণে এবার টেকনাফ নয়, বরং কক্সবাজার শহর থেকেই পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে যাবে।”

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, “সব পর্যটককে আমাদের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড, যা যাচাই ছাড়া কেউ দ্বীপে প্রবেশ করতে পারবে না।”

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ ছাড়বে। আইনগত কারণে উখিয়ার ইনানী থেকে সরাসরি সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি নেই।

গত ২৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরকে নীতিগত সম্মতির চিঠি পাঠানো হয়। এর পরেই পুনরায় পর্যটক চলাচলের অনুমতি দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা পরিচালক মো. জমির উদ্দিন বলেন, “দ্বীপের পরিবেশ সুরক্ষায় এবার কোনো ছাড় দেওয়া হবে না। পর্যটকদের নিরাপদ ও দায়িত্বশীল ভ্রমণ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ ছিল। দ্বীপের নাজুক পরিবেশ রক্ষায় সরকার পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস পর্যটকেরা নির্ধারিত নিয়ম মেনে সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারবেন।

এলাকার খবর

সম্পর্কিত