পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আবারও অগ্নি সংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এই নিন্দনীয় ঘটনাটি ঘটে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের দাগ ও পোড়া কালো অংশ দেখতে পান। পরে পুরো এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহীদদের প্রতি অবমাননাকর এই হামলা পরিকল্পিত। আমরা সারাদিন পাহারায় ছিলাম—তবুও তারা সুযোগ নিয়েছে। ঝাউতলা আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভ আমরা রক্ষা করবোই। প্রশাসনকে বলছি—সিসিটিভি দেখে দোষীদের ধরতে হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি—শুধু নিচের অংশে আগুনের দাগ রয়েছে। তিনি আশপাশের সিসিটিভি বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করার আশ্বাস দেন।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের শনাক্তে জোর চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঘটনার পর পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয়রা শহীদ স্মৃতিস্তম্ভ রক্ষায় আরও সতর্ক অবস্থানে রয়েছে।