প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ যারা করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। তিনি দাবি করেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘনকারী কেউ নেই।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই সিদ্ধান্ত দেবে। “আমরা এখনো সাক্ষাৎকারটি পড়িনি, পড়ার পর মন্তব্য করব,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “যারা তার ইন্টারভিউ নিচ্ছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্টভাবে এসেছে। এমনকি আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে যে, তিনি খুনের নির্দেশ দিতেন।”
রয়টার্সে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগকে সুযোগ না দিলে তারা ভোট বর্জন করবে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, “আমরা মনে করি এতে কোনো সমস্যা হবে না। আওয়ামী লীগ তো এখন কোথাও নেই—দু-একটা ঝটিকা মিছিল ছাড়া আর কিছুই দেখি না।”
তিনি আরও যোগ করেন, “তার দাবিগুলো যেন একপক্ষীয়ভাবে প্রচার না হয়। দেখা গেছে, যুক্তরাজ্যের সবচেয়ে দামি আইনজীবী প্রতিষ্ঠানকে দিয়ে তারা নিজেদের পক্ষে কাজ করাচ্ছে—দেশের টাকায়। এটি অত্যন্ত দুঃখজনক।”