খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি জানান, শারীরিক অবস্থা অনুকূলে এলেই বিদেশে পাঠানো হবে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি বিদেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগও তৈরি রয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার শারীরিক অবনতির খবরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন। তার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিশেষ সহকারী মনির হায়দার শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর নিউমোনিয়ার সংক্রমণ আশঙ্কায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনসের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি চিকিৎসা পর্যালোচনায় যুক্ত রয়েছেন।

এলাকার খবর

সম্পর্কিত