পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছে। অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তবে যেগুলোতে এখনো হয়নি, সেগুলো নিয়ে দলগুলোর বসে সমাধানে পৌঁছানো উচিত।
তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম, রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমাধান করতে না পারে, তবে সরকার সিদ্ধান্ত নেবে। যেহেতু সাত দিন পার হয়ে গেছে, এখন সরকার অভ্যন্তরীণ আলোচনায় বসবে এবং দেশের স্বার্থে যা ভালো মনে করবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জানাবে।”
রিজওয়ানা হাসান বলেন, সরকারের দায়িত্ব হলো অচলাবস্থা দূর করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর সিদ্ধান্ত নেওয়া। “কেউ তো বলেনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের দায়িত্ব পালন করতে দিতে হবে,” যোগ করেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে।