আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল সংশোধনের জন্য ৬৫টি সংশোধনকারী কর্তৃপক্ষ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভুলগুলো সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৮ নভেম্বর।
সোমবার (১৩ অক্টোবর) ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে, ২০০৭ সালের ৩১ অক্টোবর তারিখকে ভোটার হওয়ার যোগ্যতার মানদণ্ড হিসেবে ধরে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে দাবি-আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির দায়িত্বে থাকবে সদ্য গঠিত ৬৫টি সংশোধনকারী কর্তৃপক্ষ।
ইসি সূত্রে জানা গেছে,
-
১ নভেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা,
-
১৬ নভেম্বর পর্যন্ত চলবে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা,
-
১৭ নভেম্বর এসব আবেদন নিষ্পত্তি হবে,
আর ১৮ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১,২৩০ জন।