জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ হত্যা মামলা: যুক্তিতর্ক শেষ, যে কোনো দিন রায়

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জানিয়েছে, এ মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২ এ সংক্রান্ত আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রহমানসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে বর্তমানে গ্রেপ্তার আছেন ৬ জন, বাকিরা পলাতক। রাষ্ট্রপক্ষ জানায়, ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলাটি প্রমাণে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন।

মঙ্গলবার সকালে কারাগার থেকে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তবে সাবেক ভিসি হাসিবুর রহমানসহ আরও ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। মামলাটির অভিযোগ ৩০ জুন গ্রহণ করা হয় এবং ২৪ জুন তদন্ত সংস্থার প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়।

এলাকার খবর

সম্পর্কিত